ভারতে জেএমবির শীর্ষ নেতা করিম গ্রেফতার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ভারতীয় শাখার এক শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে কলকাতার পুলিশ। জেএমবি নেতা আবদুল করিম ওরফে বড়ো করিমকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। কলকাতা পুলিশের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে করিমকে গ্রেফতার করা হয়েছে। সেখানে ছদ্মবেশে লুকিয়ে ছিলেন তিনি। তার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও কাগজ জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে আদালতে তোলার কথা ছিল। এদিকে, করিমের গ্রেফতারকে বড়োসড়ো সাফল্য হিসেবে দেখছেন ভারতীয় গোয়েন্দারা। তাদের দাবি, ভারতে জেএমবির শীর্ষ নেতা সালাউদ্দিন সালেহিনের পরেই করিমের অবস্থান। জেএমবির ধুলিয়ান শাখার দায়িত্ব তার ওপর ছিল বলে ধারণা গোয়েন্দাদের।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরেই জঙ্গি করিমের খোঁজ করছিল বাংলাদেশের প্রশাসন, ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ও পশ্চিমবঙ্গ পুলিশ। এর আগে ২০১৮ সালে করিমের বাড়িতে তল্লাশিও চালিয়েছিল পুলিশ।