‘আই লাভ ইউ ডিয়ার পাপা’

ভারনন এ্যান্থনি পল। বয়স ৭৪ বছর। করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে। স্বাভাবিকভাবেই স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ ছিল না। ফলে তার ছেলে, ছেলের স্ত্রী ও নাতনি প্রতিদিনই দরজার বাইরে থেকে অপেক্ষা করে ফিরে যান। সর্বশেষ বুধবার বিকালেও এ্যান্থনির ছেলে, ছেলের স্ত্রী প্রিমা ও নাতনি ক্রিস্টিন বাইরে অপেক্ষা করছিলেন। এ সময় প্রিমা রিসিপশনে একটি চিঠি দিয়ে যান তার শ্বশুরকে দেওয়ার জন্য। চিঠিটি পৌঁছে দিতে অনুরোধ করেন। কিন্তু সেই চিঠি হাতে পাওয়ার আগেই আগুনে পুড়ে মারা যান এ্যান্থনি। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন তার ছেলে, ছেলের স্ত্রী ও নাতনি হাসপাতালের বাইরে অপেক্ষা করছিলেন।

চিঠিতে প্রিমা লিখেছেন, ‘পাপা, কেমন আছেন এখন? আগের থেকে একটু ভালো লাগে? আমি, এন্ডি, রোনাল্ড আপনার রুমের বাইরে দাঁড়িয়ে আছি। একদম মন খারাপ করবেন না কিন্তু। ঠিকমতো খাবেন। অনেক ওষুধ খেতে হয় আপনার এখন। এজন্য বেশি বেশি খাবেন। না হলে কিন্তু আমি রাগ করে এখান থেকে চলে যাব, আর আসব না। ক্রিস্টিন ক্লোরিসাও বাইরে থেকে আপনার জন্য অপেক্ষা করে। বুড়ি দাদাকে খোঁজে সারাদিন। ঠিকমতো তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করে ভালো হয়ে ঘরে চলে আসেন। সবসময় প্রার্থনা করবেন। আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছি। আপনি ঘরে আসলেই পার্টি করব। আপনি ভালো হয়ে গেলে আমাকে গ্রীল চিকেন খাওয়াবেন কিন্তু। আমরা সবাই, আত্মীয়-স্বজন আপনার জন্য প্রার্থনা করছি। আই লাভ ইউ সো ভেরি মাচ মাই ডিয়ার পাপা।’