স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব হয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মান্নান। গতকাল শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের দায়িত্ব করে আসা আসাদুল ইসলামের চাকরির অবসরের মেয়াদ আগামী শনিবার শেষ হচ্ছে। মো. আবদুল মান্নান কর্মজীবনে মাঠ প্রশাসনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কাজ করেন। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
চাকরি জীবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে কাজ করেন। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা ও রাজনৈতিক উপদেষ্টা ড. আলাউদ্দীনের একান্ত সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেন। বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন শেষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার পদে আবদুল মান্নানকে পদায়ন করা হয়।
সরকারের তথ্য কমিশন আয়োজিত ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৯’ এ শ্রেষ্ঠ বিভাগীয় কমিশনার হিসেবে ‘তথ্য অধিকার পদক’ পেয়েছেন তিনি। মিয়ানমারের নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখ রোহিঙ্গার সার্বিক কার্যক্রম তদারকি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ডেপুটি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন জনপ্রশাসনের মেধাবী এই কর্মকর্তা। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা-ইন-এডুকেশন ডিগ্রি অর্জন করেন।