বিনোদন রিপোর্ট
এনটিভিতে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুলু বাবুর্চি’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আশনা হাবিব ভাবনা, শানারেই দেবী শানু, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শাহানাজ খুশি, আরফান আহমেদ প্রমুখ।
আব্দুল করিম ওরফে দুলু দেশ ছাড়ার আগে থেকেই গ্রামের বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে স্ব উদ্যোগে রান্নার কাজটি করতো। কেউ কেউ তখন থেকেই তাকে দুলু বাবুর্চি নামেও সম্বোধন করতো। এবার মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসে সে তার পুরনো শখের কাজটিকেই পেশা হিসেবে গ্রহণ করেছে। তবে গতানুগতিক বাবুর্চির বাইরে গিয়ে চাহিদা অনুযায়ী প্যাকেজ সেবা প্রদান করে থাকে সে। এজন্য দুলু নারী-পুরুষ সমন্বয়ে একটি টিম গঠন করেছে। কেউ রান্নার কাজে সহযোগিতা করে, কেউ গীত গায়, কেউ বা সঙ সেজে অভিনয় করে। তবে নামের শেষে বাবুর্চি শব্দটি নিয়ে বেশ আপত্তি রয়েছে দুলুর। তার যুক্তি সে একজন শেফ মানে পাচক। এ নিয়ে মাঝে মধ্যে কারও কারও সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতিও সৃষ্টি হয়।