‘পাতাল লোক’ নিয়ে আবারও হুমকি আনুশকাকে!

বিনোদন ডেস্ক

 

আনুশকা শর্মা প্রথম কোনো ডিজিটাল প্রোডাকশন প্রযোজনা করেছেন। একদিকে যেমন এ নিয়ে প্রশংসায় ভাসছেন এই তারকা। অন্যদিকে বিতর্কের তোপেও পড়তে হয়েছে তাকে। ওয়েব সিরিজ পাতাল লোক-এ অনুমতি ছাড়া ছবি ব্যবহার করায় প্রযোজক আনুশকা শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি বিধায়ক নন্দকিশোর গুরজার। এবার ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলির কাছে স্ত্রী আনুশকা শর্মাকে ডিভোর্স দেওয়ার আবেদন করলেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এ কথা বলেছেন নন্দকিশোর।

নিউজরুম পোস্টের ভিডিওতে তিনি বলছেন, বিরাট কোহলি একজন দেশ ভক্ত। তিনি দেশের জন্য খেলেন। আনুশকাকে ডিভোর্স দেওয়া উচিত তার।

নন্দকিশোরের দাবি, ওয়েব সিরিজে তাকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে এবং সাম্প্রদায়িকতা প্রোমোট করা হয়েছে। এই ওয়েব সিরিজকে আমাজন প্রাইম থেকে নিষিদ্ধ করারও দাবি করেছেন তিনি। তার মতে, পাতাল লোক বিজেপির ভাবমূর্তি নষ্ট করেছে এবং এটি একটি ভারত বিরোধী সিরিজ। আমাজন প্রাইমের ওয়েব সিরিজ পাতাল লোকে একটি দৃশ্য রয়েছে যেখানে ২০১৮ সালে গাজিয়াবাদের ইউপি গেট উদ্বোধনের ছবি ব্যবহার করা হয়েছে। সেই ছবিতেই রয়েছেন নন্দকিশোর গুরজার। সঙ্গে নন্দকিশোর

ছাড়াও রয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও ছবি। কিন্তু বিনা অনুমতিতে ছবি ব্যবহার করায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি বিধায়ক।