২০২৩ বিশ্বকাপ
স্পোর্টস রিপোর্টার
সর্বশেষ বিশ্বকাপে রীতিমতো অতিমানবীয় পারফরম্যান্স করেছিলেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ৬০৬ রান, বোলিংয়ে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। তারপরও ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারেনি বাংলাদেশ দল। ওয়ানডে ফরম্যাটে আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। উপমহাদেশের কন্ডিশনে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ দেখছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়া সাকিব খেলায় ফিরতে পারবেন চলতি বছরের অক্টোবরের শেষদিকে। ভারতের মাটিতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন এই অলরাউন্ডার। গত শুক্রবার একটি বেসরকারি চ্যানেলের ঈদ আড্ডায় অংশ নিয়ে কথা বলেছেন সাকিব।
বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জয়ই মূল টার্গেট জানিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অভিজ্ঞ ক্রিকেটার বলেছেন, ‘বিশ্বকাপ জয় তো একটা দলগত টার্গেট। ঐ ফোকাসটা তো অবশ্যই থাকবে। যদি ক্যারিয়ার শেষ হওয়ার আগে বিশ্বকাপ জিততে পারি বাংলাদেশের হয়ে।’
২০২৩ নাকি ২০২৭ কোন্ আসরে বিশ্বকাপ জিততে চান জানতে চাইলে সাকিব বলেছেন, ‘আমি তো চাই তেইশেই যেন হয়ে যায় আমাদের। তাহলে আর আমার সাতাশের জন্য অপেক্ষা করা লাগবে না, এত কষ্ট করা লাগবে না, এতদিন খেলাও লাগবে না। চিন্তাও করা লাগবে না অতদিন খেলার। ২০২৭ মানে ধরেন আরো সাত বছর। ২০২৩ তো মাত্র দুই-আড়াই, তিন বছর। অনেক সহজ অপশন ২০২৩।’
ভারতের মাটিতে খেলার কারণেই এই টার্গেটকে বাস্তবসম্মত মনে হয় কি না প্রশ্নে সাকিব বলেছেন, ‘বাস্তবসম্মত কি না বললে আমি তো মনে করি ঊনিশেও আমাদের জন্য বাস্তবসম্মত সুযোগ, সম্ভাবনা ছিল। সেটা ২০২৩-এও থাকবে। যেহেতু ২০২৩-এ এশিয়াতে খেলা। একটা বড়ো সুযোগ আমাদের থাকবে। যদিও এশিয়াতে খেলা হলে এশিয়ার বাকি দেশগুলোর জন্যও বড়ো সুযোগ তৈরি হয়ে যায়। বাইরের দেশগুলোও এশিয়াতে এসে ভালোই পারফরম করে। অনেক কঠিন প্রতিযোগিতা হবে। আমাদের অনেক নতুন খেলোয়াড় থাকবে, হয়তো ভালো পারফরম করতে সক্ষম খেলোয়াড়ের সংখ্যা বেশি থাকবে।’
যুক্তরাষ্ট্রে এখন পরিবার নিয়েই সময় কাটছে সাকিবের। কিছুদিন আগেই দ্বিতীয় কন্যার বাবা হয়েছেন তিনি।