স্পোর্টস ডেস্ক
প্রযুক্তির চরম উত্কর্ষের যুগে শব্দ নিয়েও কারিকুরি নতুন কিছু নয় মোটেও। বুন্দেসলিগার দলগুলোই যেমন এর ব্যবহার করে দর্শকহীন স্টেডিয়ামে হারানো আমেজ ফিরিয়ে এনেছে শব্দ ব্যবহার করে! আগামী ১১ জুন রিয়াল বেতিস আর সেভিয়ার ম্যাচ দিয়ে যখন তিন মাসের বিরতি শেষে ফিরবে লা লিগা, মিছে দর্শক-কোলাহলের ভাবনা থাকবে তাদের মস্তিষ্কেও, জানিয়েছেন লিগ সভাপতি হ্যাভিয়ের তেবাস।
করোনা মহামারির কবল কাটিয়ে ফুটবল লিগগুলো ফিরতে শুরু করলেও দর্শকদের মাঠে ফেরানোর কথা আপাতত কল্পনাও করা যাচ্ছে না। তবে দর্শকহীন নিষ্প্রাণ-নির্জীব খেলা এড়াতে এ নিয়েই কাজ শুরু করে দিয়েছে লিগগুলো।
বুন্দেসলিগাতেই যেমন দলগুলো করছে কৃত্রিম দর্শকদের হর্ষ-দুয়োধ্বনির ব্যবহার! ডেনিস লিগ তো আরেক কাঠি সরেস! দর্শকদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠে উপস্থিত করার কাজটা করে দেখিয়েছে তারা।
সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেমন অভিনব কিছুর ইঙ্গিত দিয়েছেন লা লিগা সভাপতিও। জানিয়েছেন, ইতিমধ্যেই কৃত্রিম দর্শকের ব্যাপারটা নিয়ে কাজও করছেন তারা। এমনকি, ব্যক্তিগতভাবে এটা ভালো লেগেছে বলেও জানিয়েছেন হ্যাভিয়ের তেবাস। লিগ সভাপতির ভাষ্য, ‘পরীক্ষাগুলো যতদূর দেখেছি, তাতে মনে হয়েছে এটা খুবই আকর্ষণীয় আর দৃষ্টিসুখকরও।’
তবে মূল ম্যাচে ঘরে থাকা দর্শকের কাছে থাকবে দুটো বিকল্পই। তিনি বলেন, ‘আজ রাতে আমরা অডিওভিজ্যুয়াল পরীক্ষা করব যাতে করে দর্শকরা দুটো বিকল্পই পান। নীরব ম্যাচ আর দর্শক-কোলাহলের সিম্যুলেশন, আমরা সমর্থকদেরকে দুটো বিকল্পই দেওয়ার ক্ষেত্রে আগ্রহী।’
এদিকে চলতি মৌসুমের বাকি অংশ ১৯ জুলাইয়ের মধ্যেই শেষ করতে বধ্যপরিকর লিগ কর্তৃপক্ষ। গত শুক্রবার স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কাকে তেবাস আরো জানান, আগামী ১২ সেপ্টেম্বর লা লিগার ২০২০-২১ মৌসুম শুরু করতে চান তারা।