সাড়ে চার কিলোমিটার দৃশ্যমান
মুন্সীগঞ্জ প্রতিনিধি
করোনায় গোটা দেশের উন্নয়ন কাজের স্থবিরতার মধ্যেও স্বপ্নের পদ্মা সেতুর ৩০তম স্প্যান বসে গেছে। গতকাল শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে সেতুর জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর খুঁটির ওপর ‘৫বি’ নম্বর স্প্যানটি বসানো হয়েছে। ১৫০ মিটার দীর্ঘ স্প্যানটি বসার মধ্য দিয়ে সেতুর সাড়ে চার কিলোমিটার দৃশ্যমান হলো।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ২৬ ও ২৭ নম্বর খুঁটি এলাকায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি রুটের চ্যানেল ছিল। সে কারণেই এই দুটি খুঁটি নির্মাণে বিলম্ব হয়। ড্রেজিং করে পাশ দিয়ে চ্যানেল করে দিয়ে তবেই খুঁটি দুটি তৈরি করা হয়। তিনি জানান, বর্ষায় এই এলাকাটিতে প্রচুর পলি আসে। তাই ভরা বর্ষার আগেই এই দুটি স্প্যান স্থাপন করা হলে চ্যালেঞ্জ থাকবে না। আর মাওয়ার অংশে নদী অনেক গভীর। এখানে বর্ষায় অনেক স্রোত থাকে তাই এখানে পলি জমতে পারে না। চ্যানেলে নাব্য সংকট হয় না, তাই বর্ষায় মাওয়ার অংশের স্প্যানগুলো স্থাপন সহজ হবে। মধ্য জুনে আরো একটি স্প্যান বসানো হবে বলে জানান এ কর্মকর্তা। তিনি আরো বলেন আগামী ২০ জুন সেতুর ৩১তম স্প্যান বসানোর দিন নির্ধারণ করা হয়েছে। এটি বসবে ২৫ ও ২৬ নম্বর খুঁটিতে।
সূত্র জানায়, শুক্রবার সকালে মাওয়া প্রান্তের কুমারভোগ ইয়ার্ড থেকে ৩ হাজার ১৫০ মে. টন ওজনের ‘৫বি’ নম্বর স্প্যান ভাসমান ক্রেনে করে নিয়ে যাওয়া হয় খুঁটির কাছে। এদিকে, দ্রুত এগিয়ে চলেছে স্প্যানের ওপরে স্লাব বসানোর কাজ। সেতুর ওপরের তলায় রোডওয়ে স্লাব বসবে ২ হাজার ৯১৭টি। এর মধ্যে তৈরি হয়ে গেছে ২ হাজার ৭২৭টি। বসানো হয়েছে ৫৮১টি। নিচতলায় রেলওয়ে স্লাব বসবে ২ হাজার ৯৫৯টি। এর সবগুলোই তৈরি হয়ে গেছে। আর স্থাপন করা হয়েছে ১ হাজার ১০৫টি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ।