গজারিয়ায় ছাত্রলীগের তিন নেতাসহ আট জনকে কুপিয়ে জখম

আধিপত্য বিস্তার

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের তিন নেতাসহ আট জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সজীব, সেতু ও কামরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা যায়, গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারি খাল জোরপূর্বক ও অবৈধভাবে ভরাটের কাজ করছিলেন গুয়াগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন। তখন থেকেই তার সঙ্গে এলাকার কিছু লোকের মতবিরোধ চলছিল। কয়েক দিন আগে সরকারি খাল ভরাটের খবর পেয়ে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ইমাম আল রাজি (টুলু) উপস্থিত হয়ে ভরাটকাজে বাধা ও নিষেধ প্রদান করেন। সেই সূত্র ধরে শুক্রবার রাতে ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকনসহ সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এলাকাবাসীর ওপর হামলা চালিয়ে ছাত্রলীগের তিন নেতাসহ আট জনকে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।