বরিশাল লঞ্চ কাউন্টারে কর্মচাঞ্চল্য অগ্রিম টিকিট নিচ্ছেন যাত্রীরা

স্ট্যান্ডগুলোতে বাসের ফিটনেস পরীক্ষা চলছে

বরিশাল অফিস

লকডাউনের ফলে রাজধানীসহ সারাদেশের সঙ্গে বরিশালের লঞ্চ চলাচল বন্ধ ছিল। সরকারি নির্দেশনা অনুযায়ী আজ রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে দূরপাল্লার ও অভ্যন্তরীণ লঞ্চ-বাস চলাচল করবে।

এ কারণে বরিশাল নগরীর ঢাকামুখী দূরপাল্লার বিলাসবহুল লঞ্চের অফিসগুলোতে শনিবার সকাল থেকে শুরু হয়েছে ব্যাপক কর্মচাঞ্চল্য। প্রথম দিনেই লঞ্চের অগ্রিম টিকিট পাওয়ার আসায় অফিসগুলোতে যাত্রীসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সবাই স্বাস্থ্যবিধি মেনেই অফিসগুলো থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ফজলুল হক এভিনিউ সড়কের সুন্দরবন নেভিগেশন লঞ্চ কোম্পানির অফিসের বাইরে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে অফিসে ঢুকছেন অগ্রিম টিকিট নিতে আসা যাত্রীরা। অফিসে প্রবেশের পূর্বে যাত্রীদের ওপর জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এ সময় অফিসে উপস্থিত সুন্দরবন নেভিগেশন কোম্পানির চেয়ারম্যান ও কেন্দ্রীয় লঞ্চমালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, আগামী ১০ জুন পর্যন্ত চলতি ভাড়ায় যাত্রী পরিবহন করা হবে। এরপর না পোষালে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

এদিকে শনিবার কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে বাসের ফিটনেস পরীক্ষায় ব্যস্ত সময় পার করছেন পরিবহন শ্রমিকরা। ধোয়া-মোছা করা হচ্ছে বাসের কাউন্টারগুলো। বাসমালিক সমিতির নেতারা জানিয়েছেন, সভা করে ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিবেন। বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, সরকারি প্রজ্ঞাপন পাওয়ার পর অভ্যন্তরীণ ও বিভাগের সবগুলো জেলায় বাস চলাচল করার প্রস্তুতি চলছে। সরকারি নিয়ম মেনেই মালিকরা বাস পরিচালনা করবে বলে তিনি জানান। একই কথা জানান বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসমালিক সমিতির যুগ্ম সম্পাদক কিশোর কুমার দে। 

এ ব্যাপারে বরিশাল বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক সড়ক পরিবহন কমিটির সভাপতি মো. ইয়ামিন চৌধুরী সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী রবিবার থেকে লঞ্চ ও বাস চলাচল করবে। তিনি নৌযান ও বাসমালিক-শ্রমিকদের প্রতি স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের আহ্বান জানান।