খুলনা অফিস
খুলনায় করোনার উপসর্গ নিয়ে আশরাফুর রহমান (৫৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (মেডিসিন) ও আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, গত বৃহস্পতিবার দুপুরে আশরাফুর রহমান জ্বর ও সর্দি, কাশি নিয়ে খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিত্সাধীন অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। গত শুক্রবার তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কি না।
বকশীগঞ্জে যুবকের মৃত্যু
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৌর শহরের নামাপাড়া নিজ বাড়িতে সে মারা যায়। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ স ম জমশেদ খোন্দকার জানান, নিরাপদ দূরত্ব বজায় রেখে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। নিহতের বাড়ি লকডাউন করা হয়েছে।
ঝিনাইদহে করোনা উপসর্গে
একজনের মৃত্যু
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা উপসর্গে জসিমউদ্দিন নামের একজন মারা গেছেন। তিনি সদর উপজেলার রামনগর গ্রামের শওকত আলির ছেলে।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আইয়ুব আলি জানান, ২৭ মে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জসিমউদ্দিন হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার আগেই গতকাল শনিবার সকালে তিনি মারা যান।