গৌরীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের গৌরীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেলতলী গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায়। শুক্রবার উভয়ের জানাজা অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষ্যে নানা বাড়িতে বেড়াতে আসা রাকিব মিয়া (৭) ও তার মামাত ভাই রাব্বি মিয়া (৫) একত্রে খেলতে থাকে। এ সময় পরিবারের সবার অজান্তে পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। উভয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দেওয়া হয়েছে।

জীবননগরে নদে ডুবে শিশুর মৃত্যু

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, জীবননগর উপজেলার মনোহরপুরে নদের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে। চতুর্থ শ্রেণির এ ছাত্র দুপুরে ভৈরব নদে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। শুক্রবার সন্ধ্যায় তার লাশ ভেসে ওঠে।

শঙ্খ নদ থেকে লাশ উদ্ধার

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শঙ্খ নদে নিখোঁজ হওয়ার দুই দিন পর শনিবার সকালে নিখোঁজ মোহাম্মদ আলমের (৩৫) লাশ উদ্ধার করছে তার আত্মীয়স্বজনরা। নিখোঁজ হওয়ার স্থল থেকে প্রায় ৯/১০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। গত ২৮ মে সকাল ৬টার সময় পাহাড় থেকে নেমে আসা স্রোতের ঢলে ভেসে যাওয়া লাকড়ি ধরতে গিয়ে দোহাজারী ব্রিজ এলাকা থেকে নিখোঁজ হন তিনি।