প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা ভাইরাসের বিস্তার রোধে স্থানীয় জনপ্রতিনিধিদের আরো বেশি সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। দেশের করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। গণভবনে গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে জানান, বৈঠকে প্রধানমন্ত্রী প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধ করার পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্তদের মেডিক্যালসেবা প্রদানের জন্য বিভিন্ন নির্দেশনা দেন। দেশে করোনা ভাইরাসের বিস্তার কমিয়ে আনা এবং করোনায় আক্রান্তদের সেবা প্রদানের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপসমূহও বৈঠকে পর্যালোচনা করা হয়।
কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মাদ সহিদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর মুখ্য চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম এবং কমিটির অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার গত ১৯ এপ্রিল ১৭ সদস্যবিশিষ্ট জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি গঠন করে। বাংলাদেশ মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিলের সভাপতি এবং জ্যেষ্ঠ শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মাদ সহিদুল্লাহকে কমিটির সভাপতি এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে মহাসচিব করা হয়।