কী দোষ ছিল ৪ হাজার মুরগির!

কী দোষ ছিল ৪ হাজার মুরগির? জানা নেই কারো। হত্যা করা হয়েছে ৪ হাজার সোনালি মুরগি। শুক্রবার রাতে উপজেলার রায়দৌলতপুর গ্রামের খামারি আয়নাল হক মণ্ডলের খামারে এ ঘটনা ঘটে।

খামারি আয়নাল হক মণ্ডল জানান, শুক্রবার রাতে আমার দুটি খামারের ৮ হাজার মুরগিকে খাবার দিয়ে আমি বাড়িতে চলে যাই। গতকাল শনিবার সকালে খামারে এসে দেখি একটি খামারের ৪ হাজার মুরগি মরে পড়ে রয়েছে। কে বা কারা শত্রুতা করে মুরগিগুলো হত্যা করেছে আমার জানা নেই। খামারের মুরগিগুলোর বয়স হয়েছিল ৪৫ দিন আর প্রত্যেকটা মুরগির ওজন হয়েছিল ৫শ’ গ্রাম করে। আমার প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়ে আমি নিঃস্ব হয়ে  গেছি। ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার করেছিলাম। আমি এখন কীভাবে এই ঋণ পরিশোধ করব। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই জানান, ৪ হাজার মুরগি হত্যার ঘটনাটি খুবই মর্মান্তিক ও হূদয়বিদারক। উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। কীভাবে মুরগিগুলোকে হত্যা করা হয়েছে বিষয়টি জানার জন্য মুরগির মৃতদেহ থেকে নমুনা পরীক্ষা করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।