রাজাপুরে মাদক মামলার তদন্ত কর্মকর্তাকে কুপিয়ে আহত করার মামলার দুই আসামি গ্রেফতার

ঝালকাঠীর রাজাপুরে মাদক মামলার তদন্ত করতে যাওয়া এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮। শনিবার সকালে ঝালকাঠীর রাজাপুরের কানুদাসকাঠী এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাবের বিশেষ দল। গ্রেফতারকৃতরা হলো—কানুদাসকাঠী এলাকার শাহ আলম জোমাদ্দারের ছেলে মো. অনিক জোমাদ্দার ও জোবায়ের আহম্মেদের ছেলে মো. আব্দুল্লাহ আল-জাহেদ। শনিবার বিকালে র্যাব-৮র সদর দপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৯ মে শুক্রবার রাজাপুর থানার এসআই খোকন একটি মাদক মামলার তদন্ত করতে কানুদাসকাঠী এলাকায় গেলে তাকে তদন্তে বাধা দেয় মাদক ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ চক্র। এক পর্যায়ে তারা এসআই খোকনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত এসআই খোকনকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে এবং পরে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করে। ঐ মামলার আসামি হিসেবে দুই জনকে গ্রেফতার করে র্যাব-৮। গ্রেফতারকৃত দুই আসামিকে রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে র্যাব-৮ জানিয়েছে।