জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন—সংক্রমণ রোগ বিশেষজ্ঞ, ভাইরাস বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সরকার গঠিত টেকনিক্যাল কমিটির মতামতের বাইরে পূর্ণাঙ্গ পরিকল্পনা ছাড়া ঢালাওভাবে সরকারি ছুটি না বাড়িয়ে লকডাউন প্রত্যাহার ও সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান, গণপরিবহন, বিপণিবিতান, দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী। গতকাল শনিবার এক বিবৃতিতে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে তারা একথা বলেন।
বিবৃতিতে জাসদ নেতৃদ্বয় বলেন, যখন করোনা সংক্রমণ বিস্তার হচ্ছে তখন সরকারি ছুটি লকডাউন প্রত্যাহার সংক্রমণের ঝুঁকি, হার, গতি বাড়াবে এবং বড়ো ধরনের বিপর্যয় সৃষ্টি করবে। তারা ঢালাওভাবে লকডাউন প্রত্যাহার না করে ঝুঁকিপূর্ণ অঞ্চল বিবেচনায় নিয়ে ধাপে-ধাপে লকডাউন প্রত্যাহারের পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের দাবি জানান।