লোকালয়ে ৬ ফুট অজগর

রাজবাড়ীতে হাঁসের খামার থেকে বিরল প্রজাতির প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। রবিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকার টিটু খানের হাঁসের খামার থেকে সাপটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, প্রতিদিনের মতো আজ রবিবারও সকাল সাড়ে ৮টার দিকে খামারে ডিম সংরক্ষণ করতে যান খামারী টিুটু খান। পরে খামারে মেঝেতে অজগর সাপটি দেখতে পান।

পরে সাপটিকে হত্যা না করে স্থানীয় নেওয়াজ মোল্লা ও মালেক বিশ্বাস মিলে হাঁসের খামার থেকে অজগর সাপটি ধরে প্লাসটিকের ঝুঁড়িতে তোলেন। এরপর রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মো. সাঈদুজ্জামান খানকে অবহিত করেন।

রাজবাড়ীর এসএফএডটিসি’র ফরেষ্টার (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের সহযোগিতায় ঘটনা স্থল থেকে ৬/৭ ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করা হয়েছে। আমাদের বিভাগীয় বন কর্মকর্তা খুলনার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আওতায় অজগর সাপটিকে নিয়ে সংরক্ষণ করা হবে। 

আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বিএসএফের গুলিতে দৃষ্টি হারানো সেই রাসেল

ঘটনা স্থল পরিদর্শন শেষে রাজবাড়ীর নির্বাহী অফিসার মো. সাঈদুজ্জামান খান বলেন, রাজবাড়ী জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ী বন বিভাগের সাথে কথা বলেছি। জনসম্মুখ থেকে প্রায় ৬/৭ ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করে রাজবাড়ী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ উদ্ধর্তণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সাপটিকে অবমুক্ত করবেন।

ইত্তেফাক/এসি