আমার অবস্থা উন্নতির দিকে, শিরীনের জ্বর, বারিশ ভালো: জাফরুল্লাহ চৌধুরী 

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জানালেন, তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। জ্বর নেই, কাশিও কমেছে। এখন শ্বাসকষ্টও নেই। 

আজ সোমবার ইত্তেফাকের সঙ্গে আলাপকালে নিজের শারীরিক এ অবস্থার কথা জানান গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ।

জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন চৌধুরী ও ছেলে বারিশ চৌধুরীও করোনায় আক্রান্ত। তাদের বিষয়ে জাফরুল্লাহ জানান, বারিশ ভালো। তবে শিরীনের একটু জ্বর আছে। তারা দুজনই বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

৭৯ বছর বয়সী জাফরুল্লাহ অসুস্থতার মধ্যেও দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ওষুধের দাম নিয়ে দেশে একটা নৈরাজ্য চলছে। সরকার কারও সাথেই কোনো আলোচনা করছে না। বাসের ভাড়া নিয়েও একটা তুঘলকি কাণ্ড ঘটলো। এটা তর্কবিতর্কের বিষয় নয়। সরকার সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারতো। কিন্তু সরকার কারও সাথে কথা বলতেই রাজি না। আমরা তো সরকারের শত্রু নই। এই মহামারীর সময় সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া উচিত। করোনা তো আর সরকারের সৃষ্ট নয়। এটা প্রাকৃতিক ও বৈশ্বিক সমস্যা। 

জাফরুল্লাহ বলেন, আমার কথা হচ্ছে মানুষ যদি বেঁচে থেকে ভিক্ষুক হয়ে যায় তাহলে এই বাঁচায় লাভ কী!

ইত্তেফাক/কেকে