‘সকল সংগঠন এক হয়ে বড় ফান্ড তৈরি করতে হবে’

আনজাম মাসুদ। উপস্থাপক হিসেবে দর্শকদের কাছে জনপ্রিয় তিনি। বর্তমানে তিনি নিজস্ব ব্যবসা ও ইভেন্টের কাজ নিয়েই বেশি ব্যস্ত আছেন। করোনার এই ক্রান্তিকালে ব্যক্তিগত ব্যস্ততা ও দেশের বর্তমান পরিস্থিতে শোবিজের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

কেমন আছেন?

ভালো আছি। এমন পরিস্থিতে আসলে যেমনটা ভালো থাকা যায়!

 

করোনার পরিস্থিতি ঠিক না হলেও দেশে স্বাভাবিক অবস্থায় ফিরছে ধীরে ধীরে। এরমধ্যে আপনার কাজের ব্যস্ততা শুরু হবে কি-না?

যেহেতু ইভেন্ট নিয়ে এখন আমার কাজ চলছে, তাই সেটি নিয়ে ব্যস্ত হওয়ার সময় হয়নি। লকডাউন খুলে দিয়েছে মূলত অফিস করার জন্য। তাও আবার অল্প পরিসরে অফিস করা। জনসমাগম করার জন্য নয়। তাই এখনই ব্যস্ত হওয়া হচ্ছে না। একটি ম্যাগাজিন শো নিয়ে কথা হচ্ছে। সব ঠিক হলে হয়তো নতুন হিসেবে সেটি দেখতে পাবেন সবাই।

 

এমন অবস্থায় শুটিং শুরু করার বিষয়টি আপনি কীভাবে দেখছেন?

একটি শুটিংয়ে দূরে দূরে থেকে কাজ করা কঠিন। তবে অনেককিছু বিবেচনা করেই শুটিং শুরু করা হয়েছে। কারণ এর সঙ্গে অনেক মানুষের জীবিকা জড়িত। আমি বলবো আমাদের সবার যেকোনো দিক থেকেই সচেতন হতে হবে।

 

টেলিভিশন সংগঠনগুলো এই পরিস্থিতে কতটা সহযোগিতা করেছে মনে করেন?

আসলে এমন পরিস্থিতি আমি এভাবে মোকাবিলা করতে চাই না। তাই আমার মনে হয় সকল সংগঠন এক হয়ে বড় ফান্ড তৈরি করতে হবে। যেন যেকোনো সময় সেখান থেকে সবাই সহযোগিতা পেতে পারে। বিপদের সময় যেন কারও সাহায্যের অপেক্ষা না করা লাগে।