স্পোর্টস ডেস্ক
করোনার কবলে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে আছে প্রায় তিন মাস ধরে। কবে স্বাভাবিক জীবন ফিরবে তারও কোনো ঠিক-ঠিকানা নেই। আদৌ ফিরবে কি না, তা নিয়েও আছে সন্দেহ। তেমনই ভাবনা লিওনেল মেসিরও। সম্প্রতি এক সাক্ষাত্কারে আশঙ্কা প্রকাশ করলেন, ফুটবল তো বটেই, জীবনযাত্রাও কখনো আগের অবস্থায় ফিরবে না।
করোনার প্রকোপ খুব কাছ থেকে দেখেছেন মেসি। ইউরোপের অন্যতম বাজেভাবে রোগটিতে আক্রান্ত দেশ ছিল স্পেন। সমপ্রতি দেশটি লকডাউন কিছুটা স্তিমিত করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে।
তবে মেসির মতামত, আগের রূপ আর কখনো ফিরে পাবে না পৃথিবী, ফুটবলও। সম্প্রতি এল পাইসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘সাধারণ জীবনের মতো ফুটবলও আগের রূপে ফিরবে বলে আমি মনে করি না।’ দুই মাসের বিরতি শেষে গত মাসে তার দল বার্সেলোনা অনুশীলনে ফিরেছে গেল মাসে। আগামী ১৩ জুন মাঠেও নেমে পড়বে দলটি। তবে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করা হলেও পূর্বের মতো হচ্ছে না বলে জানালেন মেসি। বললেন, ‘অনুশীলনে ফেরা, প্রতিযোগিতা কিংবা অতীতে স্বাভাবিকভাবে আমরা যাই করেছি এখন আবারও শুরু করতে হবে, তবে ধীরে ধীরে। আমাদের জন্য কিংবা যারাই তাদের কর্মপন্থা পালটে ফেলবে তাদের জন্য পরিস্থিতিটা একটু অদ্ভুত হয়ে দাঁড়াবে।’
তিনি আরো যোগ করেন, ‘এই পরিস্থিতিটা অনেককেই অনেকভাবে ক্ষতি করেছেন। অনেক মানুষ খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। বিশেষ করে যারা পরিবার কিংবা বন্ধুকে হারিয়েছেন এমনকি ঠিকঠাক একবার বিদায়ও বলতে পারেননি। এটা আমার ভেতরে অনেক হতাশা সৃষ্টি করে আর সবচেয়ে অন্যায্য ব্যাপার বলে মনে হয়।’
করোনা স্মৃতি কীভাবে মনে রাখবেন মেসি? বার্সা অধিনায়কের জবাব, ‘একটা দুঃখ আর হতাশা নিয়ে স্মরণ করব, বিশেষ করে তাদের জন্য যারা তাদের আপনজনদের হারিয়েছেন। আর যারা এখনো করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।’