প্রায় তিন মাসের স্থবিরতা ভেঙে আগামী ১৩ জুন প্রতিপক্ষ মায়োর্কার মাঠে ম্যাচ দিয়ে আবারও লা লিগায় ফিরবে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের ম্যাচটি হবে এক দিন পর, ১৪ জুন নিজেদের মাঠে নামবে এসডি এইবারের বিপক্ষে। গত মার্চে স্থগিত হয়ে যাওয়ার সময়ে রিয়ালের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে ছিল বার্সেলোনা, বাকি ছিল ১১ ম্যাচ। বার্সা মাঠে নামার দুই দিন আগে আগামী ১১ জুন সেভিয়া-রিয়াল বেতিসের মধ্যকার সেভিল ডার্বি দিয়ে মাঠে ফিরবে লা লিগা। করোনাসৃষ্ট স্থবিরতা কাটিয়ে ফুটবল ফেরার পর বার্সেলোনা নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে প্রথম ম্যাচটি খেলবে ১৬ জুন, প্রতিপক্ষ লেগানেস। আর ১৮ জুন রিয়ালের প্রতিপক্ষ থাকবে ভ্যালেন্সিয়া।