ফরিদপুরে করোনায় কৃষকের মৃত্যু

ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক কৃষক মারা গেছেন। এই নিয়ে ফরিদপুরে করোনায় সাত জনের মৃত্যু হলো। এর মধ্যে তিন জনই মুক্তিযোদ্ধা।

মৃত্যুবরণকারী ওই কৃষকের বয়েস ৩০ বছর। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। 

শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত শনিবার তিনি পাশের ভাঙ্গা উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। গত রবিবার ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাবে এ নমুনা পরীক্ষা করে তার করোনা শনাক্ত হয়। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার গনমাধ্যমকে জানান, ওই ব্যক্তির শরীরে কিভাবে করোনাভাইরাস সংক্রমানিত হয়েছে তার কোন উৎস আপাতত খুঁজে পাওয়া যায়নি। তিনি কৃষিকাজ করতেন এবং বাড়িতেই থাকতেন।

আজ সোমবার সকাল ১১টার দিকে ওই ব্যক্তির বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বাস্থ্য বিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন হয়। এ প্রক্রিয়ায় নেতৃত্ব দেন ইউএনও পূরবী গোলদার।

ইত্তেফাক/এমআর