রয়টার্স
করোনা ভাইরাস ‘শক্তি হারাচ্ছে’ এবং এখন তা অনেক ‘কম মারাত্মক’ বলে দাবি করেছেন ইতালির এক জ্যেষ্ঠ চিকিত্সক। করোনা ভাইরাস মহামারিতে ইতালিতে সবচেয়ে বেশি ভোগা উত্তরাঞ্চলের লম্বাড্রির মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালের প্রধান আলবের্তো এমন কথা বলেন।
রবিবার ইতালির সংবাদ-মাধ্যমগুলোতে জাঙ্গরিল্লো দাবি করেন, বাস্তবে শুরু দিকের সেই করোনা ভাইরাস এখন আর নেই। তিনি আরএআই টেলিভিশনকে বলেন, ‘গত ১০ দিন ধরে সোয়াব পরীক্ষাগুলোতে ভাইরাসের যে পরিমাণ দেখা গেছে, তা এক মাস বা দুই মাস আগের পরীক্ষাগুলোর তুলনায় একেবারেই নগণ্য।’ তার মতে, কিছু বিশেষজ্ঞ দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের সম্ভাবনা সম্পর্কে ‘বাড়িয়ে বলছিলেন’। আর রাজনীতিবিদদের প্রয়োজন ছিল নতুন বাস্তবতা বিবেচনায় নেওয়ার।
ইতালির উত্তরাঞ্চলের আরেক জন চিকিত্সকও করোনা ভাইরাসকে ‘দুর্বল হতে’ দেখছেন বলে জানিয়েছেন। জেনোয়া শহরের সান মার্তিনো হাসপাতালের সংক্রামক রোগ ক্লিনিকের প্রধান মাত্তেও বাসে্সত্তি রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এএনএসএকে বলেন, ‘দুই মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল সেই সমান শক্তি এখন নেই। এটা স্পষ্ট যে বর্তমানের কোভিড-১৯ রোগটি আলাদা।’
এদিকে ইতালি সরকার করোনা ভাইরাসের দুর্বল হয়ে পড়ার এ দাবি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, ‘বিজয়’ ঘোষণা করতে অনেক দেরি আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি সান্দ্রা জামপা এক বিবৃতিতে বলেন, ‘ভাইরাসটি অদৃশ্য হয়ে গেছে এমন তত্ত্ব সমর্থন করার জন্য বৈজ্ঞানিক প্রমাণ না আসা পর্যন্ত যারা বলছে যে তারা এ বিষয়ে নিশ্চিত, তাদের আমি ইতালীয়দের বিভ্রান্ত না করার জন্য অনুরোধ করছি।