রয়টার্স
মধ্য আমেরিকার সবচেয়ে ছোটো দেশ এল সালভাদরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় আমান্ডায় অন্তত সাত জন নিহত হয়েছেন। ঝড়ের সঙ্গে আসা প্রবল বৃষ্টিতে নদী উপচে বন্যা দেখা দেয়। পানিতে শহরের রাস্তাগুলো তলিয়ে যায় ও ভূমিধসের ঘটনা ঘটে বলে রবিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারিও দুরান জানিয়েছেন।
দুরান বলেন, ‘আমরা দেখেছি লোকজন সাহায্য চাইছে, সরকারের কাছে অনুরোধ করছে। বিপর্যয় বেশি হওয়ায় আমরা সব জায়গায় পৌঁছতে পারিনি।’ সালভাদরের বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, ঝড়ের সময় ঘর ধসে আট বছরের একটি বালক নিহত হয়েছে, দেয়াল ধসে আরেক ব্যক্তি মারা গেছে আর নদীতে ডুবে মারা গেছে আরেকজন।
আমান্ডা বা এর দুর্বল হয়ে পড়া অংশ এল সালভাদর, গুয়াতেমালার দক্ষিণাঞ্চল, হন্ডুরাসের পশ্চিমাঞ্চল এবং মেক্সিকোর তাবাসকো ও ভেরাক্রুজে ১০ থেকে ১৫ ইঞ্চি বৃষ্টিপাত ঘটাবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।