এক দিনে ২২ জনের মৃত্যু নতুন সংক্রমিত ২৩৮১

একদিনে আরো ২২ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭২ জন। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের ৫২টি পরীক্ষাগারে ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৩৮১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। ফলে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪ জন। সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরো ৮১৬ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১০ হাজার ৫৯৭ জন সুস্থ হয়ে উঠলেন।

নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৩৬৯টি। নতুন করে যারা মারা গেছেন তাদের ১৯ জন পুরুষ, তিন জন নারী। ১১ জন ঢাকা বিভাগের, আট জন চট্টগ্রাম বিভাগের, দুই জন সিলেট বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। এদের মধ্যে হাসপাতালে         ১৫ জন, বাসায় ছয় জন এবং হাসপাতালে আনার পর একজন মারা গেছেন। বয়স বিবেচনায় ২১ থে?কে ৩০ বছরের একজন, চল্লিশোর্ধ্ব আট জন, পঞ্চাশোর্ধ্ব চার জন, ষাটোর্ধ্ব সাত জন এবং সত্তরোর্ধ্ব দুই জন রয়েছেন।

রবিবারের বুলেটিনে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪০ জন মারা গেছেন, যা একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। ১১ হাজার ৮৭৬টি নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরো ২ হাজার ৫৪৫ জনের দেহে, এটিও একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সেই হিসাবে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু, কমেছে শনাক্ত রোগীর সংখ্যাও। সোমবারের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৮১ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত বিবেচনার সুস্থতার হার ২১ দশমিক ৩৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।