করোনা যুদ্ধে প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য 

চলমান করোনা যুদ্ধে জীবন দিলেন পুলিশের আরও একজন সদস্য। পুলিশের এ সহযোদ্ধা হলেন শ্রী নিরোদ চন্দ্র মণ্ডল (৫২)। 

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন। করোনা পজিটিভ হওয়ায় তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

আরো পড়ুন : রাজধানীতে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন, জরিমানা ৫ লাখ

তার বাড়ি ফরিদপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। 

উল্লেখ্য, করোনাকালে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত ১৬ জন পুলিশ সদস্য মারা গেছেন।

ইত্তেফাক/ইউবি