দেশের শীর্ষস্থানীয় আলেম, লেখক, গবেষক, আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। সুন্নি ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি। এছাড়াও প্রতিষ্ঠা করেন ধর্মীয় সংস্থা আনজুমানে মুহিব্বানে রাসূল গাউছিয়া জিলানী কমিটি। এ সংগঠনের পৃষ্ঠপোষকতায় বর্তমানে সারাদেশে অসংখ্য মাদ্রাসা পরিচালিত হয়। রাতে কুলগাঁওস্থ দরবারে হাশেমিয়া আলিয়াতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস শেরে মিল্লাত মুফতি ওবাইদুল নঈমী, মহাসচিব পীরে তরীকত সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, শাইখুল হাদিস আল্লামা সোলাইমান আনসারী প্রমুখ গভীর শোক প্রকাশ করেন।