ডিএসসিসিতে দুর্নীতি প্রতিরোধে কমিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের দুর্নীতি বা দায়িত্বে গাফিলতির বিষয়ে সুপারিশ প্রদানে কমিটি গঠন করা হয়েছে। অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটি নিজেদের নির্দিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি কর্মকর্তাদের দুর্নীতি এবং গাফিলতির বিষয়ে সিটি করপোরেশনকে সুপারিশ প্রদান করবে। নয় সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি করা হয়েছে ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সেলিমকে। গতকাল মঙ্গলবার ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে দ্বিতীয় পরিষদের প্রথম করপোরেশন সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় মেয়র তাপস নিজেকে শহিদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উল্লেখ করে বলেন, করপোরেশনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। এ দুর্নীতিকে আমি প্রশ্রয় দেব না এবং দুর্নীতির লেশমাত্র এ সংস্থায় রাখব না। নতুন কমিটিকে কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বিষয়ক বা দায়িত্ব পালনে কোনো গাফিলতির অভিযোগ পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার অনুরোধ করেন তিনি। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে তাত্ক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কর্মকর্তাদের প্রতি তিনি পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মেয়র তাপস ঢাকাবাসীর সুযোগ-সুবিধা বৃদ্ধিকল্পে যৌক্তিকভাবে নতুন নতুন আয়ের খাত সৃষ্টি করার ঘোষণা দেন। তবে নাগরিকদের ওপর কোনো কর বৃদ্ধি হবে না বলে তিনি উল্লেখ করেন। সিটি করপোরেশনের সব কাজে কাউন্সিলরদের সম্পৃক্ত করা হবে জানিয়ে তাপস বলেন, ‘আজ থেকে আমাদের নবযাত্রা শুরু হলো। শুরু হলো নব সূচনা। ঢাকাবাসীর কল্যাণে দেওয়া ওয়াদা পূরণের লক্ষ্যে আমরা কর্মপরিকল্পনা গ্রহণ করছি। ইনশাল্লাহ আমাদের কার্যক্রমের মাধ্যমেই ঢাকাবাসী এর প্রতিফলন দেখতে পাবেন।’