অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় হাইকোর্টে ব্যাখ্যা দিতে হবে ইউনাইটেড হাসপাতালকে

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যুর ঘটনার ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। আগামী ১৪ জুনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে আদালতে লিখিত আকারে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। একই সঙ্গে এ সময়ের মধ্যে ঐ আগুনের ঘটনা তদন্তে সরকারি সংস্থাগুলোর গঠিত তদন্ত কমিটির রিপোর্টও দাখিল করতে বলা হয়েছে। আদালত বলেছেন, ঘটনার শিকার ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য যদি হাইকোর্টে এসে ক্ষতিপূরণের মামলা করেন তাহলে সে বিষয়ে প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে। গত ২৭ মে রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়। ঘটনা তদন্তে রাজউক, ফায়ার ব্রিগেড ও পুলিশের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। এমন পরিস্থিতিতে গত ৩০ মে ঐ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়াজ মাহমুদ।