করোনাকালে শেয়ারবাজার

গতকালও দরপতন পুঁজিবাজারে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মঙ্গলবার সবকটি সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস পতনের মধ্যে থাকল শেয়ারবাজার। আগের কার্যদিবসের মতো এদিনও দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকে। তবে যে কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। ফলে সূচকের পতন হয়েছে।

গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৯ পয়েন্ট কমে ৩ হাজার ৯৬৯ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ ৯ পয়েন্ট কমে ৯২০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৩টির। আর ২২৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে   লেনদেন হয়েছে ১৫৫ কোটি ২৪ লাখ টাকা। আগের কার্যদিবসে বাজারটিতে লেনদেন হয় ১৯৭ কোটি ৭৬ লাখ টাকা। সে    হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪২ কোটি ৫২ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত   রয়েছে। আর ব্যাংক খাতে শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৮৪ শতাংশ ব্যাংকের।

ব্যাংক খাতে ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে গতকাল ২৫টি ব্যাংক লেনদেনে অংশ নিয়েছে। এসব ব্যাংকের মধ্যে শেয়ার দর বেড়েছে দুইটির বা ৮ শতাংশের, শেয়ার দর কমেছে দুইটির বা ৮ শতাংশের এবং ২১টির বা ৮৪ শতাংশ ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংকের মধ্যে ০.৩০ টাকা বেড়েছে এক্সিম ব্যাংকের আর আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা বেড়েছে। আর উত্তরা ব্যাংকের ০.৬০ টাকা এবং এনসিসি ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা কমেছে। বাকি ব্যাংকগুলোর দাম অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮০ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬৫ লাখ টাকা। লেনদেনে অংশ    নেওয়া ১২৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত             রয়েছে ৮৮টির।