সালথা ও বিশ্বনাথে মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

লিবিয়ায় মানব পাচার চক্রের সদস্য এনামুল হক গাজীকে ফরিদপুরের সালথা এবং রফিক ইসলামকে সিলেটের বিশ্বনাথ থেকে গ্রেফতার করা হয়েছে।

সালথা (ফরিদপুর) সংবাদদাতা জানান, মানব পাচার চক্রের সক্রিয় সদস্য এনামুল হক গাজীকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহসহ একটি পুলিশ টিম গতকাল মঙ্গলবার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত এনামুল ঐ ইউনিয়নের মুনিরকান্দী গ্রামের মো. হোসেন গাজীর পুত্র।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ জানান, সালথা থানার বল্লভদি ইউনিয়নের আলমপুর গ্রামের কামরুল শেখ লিবিয়ার নিহতের ঘটনায় তার বাবা কবির শেখ বাদী হয়ে সোমবার ছয় জনকে আসামি করে মামলা দায়ের করে। গতকাল আসামি এনামুলকে আটক করা হয়।

এদিকে বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা জানান, বিশ্বনাথের রফিক ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। সোমবার রাতে বিশ্বনাথের কাঠলীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর রাতেই তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯-এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন। রফিক উপজেলার রামপাশা ইউনিয়নের কাঠলীপাড়া গ্রামের মৃত চমক আলীর পুত্র। এছাড়া ভূমধ্যসাগরে সিলেটের কয়েকজনের মৃত্যু ঘটনায় তার নামে মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট আটটি মানবপাচার মামলা রয়েছে।