রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিত্সাধীন করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই তিনি অনেকটাই ভালো ও সুস্থবোধ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিত্সার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।
হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা স্থিতিশীল ও ভালো হলেও তাকে আপাতত আইসিইউতে রেখে হাইফ্লোতে অক্সিজেন দেওয়া হচ্ছে। সোমবার তার অক্সিজেনের মাত্রা কিছুটা কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে মোহাম্মদ নাসিম এখন অনেক ভালো আছেন, অনেকটাই সুস্থবোধ করছেন। স্বাভাবিক খাবারও খাচ্ছেন। তিনি ঐ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মহিউদ্দীন আহমেদের তত্ত্বাবধানে চিকিত্সাধীন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মোহাম্মদ নাসিমের পুত্র সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় জানান, ‘আব্বার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার হার্টবিট, পালস সবই ভালো আছে।’ তিনি তার পিতার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
গত সোমবার দুপুর ১২টার দিকে সাবেক এই মন্ত্রী সামান্য জ্বর ও হালকা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। আগে করা করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলেও হাসপাতালে ভর্তির পর মোহাম্মদ নাসিমের করোনা উপসর্গ মনে হওয়ায় দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা করা হয়। রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে তার দেহে করোনা পজিটিভ ধরা পড়ে।