বিনা ভাড়ায় বাজারে আম পৌঁছে দিচ্ছে ডাকঘর

প্রান্তিক কৃষকের উত্পাদিত মৌসুমি ফল বিনাভাড়ায় ঢাকার পাইকারি বাজারে পৌঁছে দিচ্ছে ডাক অধিদফতর। এ কর্মসূচির আওতায় রাজশাহী অঞ্চলে উত্পাদিত আম পরিবহন শুরু করেছে ডাক বিভাগ। টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মঙ্গলবার টেলি কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে মধুপুর থেকে আনারস পরিবহনসহ চাহিদা ও গুরুত্ব বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই কার্যক্রম চালু করা হবে। করোনা ভাইরাস সংকটকালে জনগণের জন্য অত্যাবশ্যকীয় সেবা সহজতর করতে সরকার গত ৯ মে থেকে ‘কৃষক বন্ধু ডাক সেবা’ চালু করে। গত ৩১ মে থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে বিনাভাড়ায় লিচু পরিবহন চালু করা হয়।

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এসব মৌসুমি ফল রাজধানীর বিভিন্ন মেগা শপ ও পাইকারি বাজারে বিপণন করা হবে। বিক্রির টাকা যে কোনো সংশ্লিষ্ট কৃষকের হাতে পৌঁছে যাবে। দেশব্যাপী ডাক পরিবহনে নিয়োজিত ঢাকাফেরত গাড়িতে বিনামাশুলে প্রান্তিক কৃষকের পণ্য পরিবহনে সরকারের বাড়তি কোনো খরচও প্রয়োজন হবে না।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এস ভদ্র। রাজশাহীর পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, ডাক অধিদপ্তরের পরিচালক অসিত কুমার শীল, রাজশাহীর পোস্টমাস্টার জেনারেল শফিকুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শামসুল হক, কৃষক প্রতিনিধি হিসেবে মো. নওশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।