ঘিওরে মোবাইল ফোনে প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩

মানিকগঞ্জের ঘিওরে প্রেমিকাকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এক সন্তানের জননী ঐ নারীকে গণধর্ষণের মামলার মূল আসামি কথিত প্রেমিকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বড়টিয়া ইউনিয়নের মৌহালী গ্রামের ছলিম মিয়ার ছেলে ওয়াসিম হোসেন (২০), সাজাহান মিয়ার ছেলে রাবিক হোসেন (২০) ও আব্দুল কুদ্দুসের ছেলে রেদোয়ান (২০)।

ঘিওর থানার ওসি আশরাফুল আলম জানান, ঐ গৃহবধূর স্বামীর বাড়ি বড়টিয়া ইউয়িনের মৌহালী গ্রামে। ঈদের আগের দিন তিনি পার্শ্ববর্তী করজোনা গ্রামে বাবার বাড়িতে আসেন। বুধবার সকালে ঐ নারী তার স্বামীর চাচাতো ভাই কথিত প্রেমিক ওয়াসিমের ফোন পেয়ে ফ্লেক্সিলোড করার কথা বলে বড়টিয়া বাজারে যান। সেখানে ওয়াসিম ঐ নারীকে কথা বলার জন্য বাজারের পাশের একটি নির্জন ভিটায় নিয়ে যায়। এক পর্যায়ে ওয়াসিম ও তার ৮/৯ জন সহযোগী ঐ নারীকে পালাক্রমে ধর্ষণ করে এবং সেই দৃশ্যের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেয়। এরপর বখাটেরা পালিয়ে যায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে অসুস্থ মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। এরপর এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় স্থানীয় একটি মহল। তিন দিন পর ঘটনা জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি আরো জানান, বুধবার রাতে গৃহবধূর মা বাদী হয়ে ওয়াসিমসহ অজ্ঞাত ১০/১১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। রবিবার রাতে তিন আসামিকে গ্রেফতার করা হয়। ঐ নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার সকালে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।