চাইনিজ অ্যাপ মোছার হিড়িক ভারতে :গুগলের বাধা

 

মোজাহেদুল ইসলাম ঢেউ

 

হিমালয়ের সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চীনের ঠাণ্ডা যুদ্ধ চলছে। এতে একাত্মতা জানিয়ে, সমানে চীনা ডেভেলপারদের তৈরি অ্যাপ মোবাইল থেকে ডিলিট করেছে ভারতীয়রা। এই ডিলিটের কাজটি করতে তারা বেছে নেয় ‘রিমুভ চায়না অ্যাপস’। ভারতীয় কোমপানি ওয়ান টাচ অ্যাপল্যাব-এর নির্মাতা। অ্যাপটি পুরো ফোন স্ক্যান করে চাইনিজ অ্যাপের লিস্ট তৈরি করে। ফলে ব্যবহারকারীরা খুব সহজেই একবারে সব চাইনিজ অ্যাপ ডিলিট করতে পারেন। তবে কোনো অ্যাপ দিয়ে অন্যান্য থার্ড পার্টি অ্যাপ ডিলিট করতে ব্যবহারকারীদের উত্সাহিত করা গুগলের নীতিমালা বিরোধী। তাই গুগল প্লে থেকে অ্যাপটি সরিয়ে নিয়েছে গুগল। অ্যাপটির রেটিং ছিলো ৪.৯।

গত ১৭ মে চালু হওয়া অ্যাপটি এ পর্যন্ত ডাউনলোড হয়েছে ৫০ লাখের বেশি। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে খুব দ্রুত এটি ভাইরাল হয়। অ্যাপটি দিয়ে চীনের তৈরি টিকটক ও জুম অ্যাপ সহজেই ডিলিট করা যাচ্ছে। তবে চাইনিজ ফোনে প্রিইনস্টলড অ্যাপগুলো সরানো যাচ্ছে না। চলতি মাসের শুরুতে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, তাদের নিয়ন্ত্রিত লাদাখ অঞ্চলে চীনা আর্মি বাহিনী ভারি অস্ত্র নিয়ে প্রবেশ করেছে। সেখানে তাবু খাটিয়ে কয়েকদিন অবস্থানও করেছে। এ ঘটনায় প্রকৌশলী সোনাম ওয়াংচুক ইউটিউবে চীনা পণ্য বর্জনের আহবান জানান। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে #boycottChina, #boycottmadeinChina ও #boycottChineseapps পোস্টে সয়লাব হয়ে যায় ভারতীয়দের সোশ্যাল মিডিয়া।

করোনাভাইরাস পরিস্থিতি। ভারত-চীন সীমান্তে উত্তেজনা। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশেষত সোশ্যাল মাধ্যমে চীনা দ্রব্য বর্জনের ডাক। আর চীনা দ্রব্য বর্জন করতে গিয়ে সবার আগে চীনা অ্যাপ আনইনস্টল করার বার্তা এখন ঘুরছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আবার, যেখানে বিশ্বের ৮০ শতাংশ স্মার্টফোনের যন্ত্রাংশই চীনে প্রস্তুত, সেখানে কেবলমাত্র অ্যাপ বর্জনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছে অনেককে।

চীনা দ্রব্য বর্জনের ট্রেন্ডের আগুন ঘি পড়েছে টিকটক ভার্সেস ইউটিউব বিতর্কের মধ্য দিয়ে। টিকটক আনইনস্টল ও খারাপ রেটিং প্রদানের হিড়িক দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার ওয়ালে। চীনা অ্যাপ টিকটকের হারানো বাজার ধরতে আঁটঘাট বেঁধে নেমে পড়ে ভারতে তৈরি প্রায় একই ধরনের অ্যাপ ‘মিত্রো’। প্রায় সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা পায় এই অ্যাপ। কয়েক দিনেই ৫০ লক্ষ পেরিয়ে যায় ডাউনলোড। তবে, সেই অ্যাপও নীতি ভঙ্গের অভিযোগে উড়িয়ে দেয় গুগল প্লে স্টোর।