কালিহাতিতে ২ টি অবৈধ এক্সেভেটরকে পুড়িয়ে দিলো প্রশাসন

টাঙ্গাইলের কালিহাতিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ০২ টি  এক্সেভেটরকে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ০৩ জুন ( বুধবার) দুপুরে উপজেলার  এলেঙ্গা পৌরসভার বাঁশী নামক স্থানে অভিযান চালিয়ে এগুলি পুড়িয়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা।

এ সময় তিনি বলেন, কালিহাতির বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে  অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে একটি মহল। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে ০২ টি এক্সেভেটর ধ্বংস করা হয়েছে।  যার আনুমানিক মূল্য প্রায় আশি  লাখ টাকা।

তিনি আরও বলেন, অবৈধ বালু ব্যবসায়ীদের কাছ থেকে প্রশাসন কোন ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করে না। প্রশাসনের নামে কেউ আর্থিক সুবিধা গ্রহণ করলে সরাসরি তার কাছে তথ্য দেবার আহবান জানান তিনি। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি। এ অভিযান  অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ, কালিহাতির বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে নদী ভাঙনের শিকার অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করছেন। 

ইত্তেফাক/এসআই