রাজশাহীতে অস্ত্রোপচার করে বাঁচানো হলো হনুমানকে

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে মুখপোড়া হনুমানকে অস্ত্রোপচার করে বাঁচানো হয়েছে। মঙ্গলবার গুরুতর আহতাবস্থায় হনুমানটিকে পদ্মার চর থেকে বন বিভাগ উদ্ধার করে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগ পরিচালিত ভেটেরিনারি ক্লিনিক ও এআইও ট্রেনিং সেন্টারে প্রাণীটির শরীরে অস্ত্রোপচার করা হয়।

অধ্যাপক জালাল উদ্দিন সরদার বলেন, দুর্ঘটনাজনিত কারণে হনুমানটির পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গিয়েছিল ও শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল।

বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় সফল অস্ত্রোপচার শেষে হনুমানটিকে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্রে আনা হয়েছে। সুস্থ হলে হনুমানটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।