ফতুল্লার কুতুবাইল সড়কের উন্নয়নে উদ্যোগ নেই

ফতুল্লা ইউনিয়নের কুতুবাইল সড়কের শিবু মার্কেট বাসস্ট্যান্ড থেকে ওয়াপদারপুল অংশের অবস্থা অত্যন্ত শোচনীয়। ভেঙেচুরে সড়কটি একেবারে বরবাদ হয়ে গেছে। এলজিইডি’র আওতাধীন এ সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের গর্তে পড়ে পথচারীদের হোঁচট খাওয়া, অটোরিকশা উল্টে যাওয়া প্রতিদিনকার গল্প। সেই সঙ্গে গর্তে কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ আটকে সৃষ্টি হয় যানজট।

জানা যায়, ২৭ বছর আগে ফতুল্লার সীমানা নিয়ে একটি মামলা হয়। সেই মামলাকে কেন্দ্র করে ২৭ বছর ধরে ফুতুল্লা ইউনিয়ন পরিষদে কোনো নির্বাচন হচ্ছে না। এ কারণে এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিদের উদ্যোগ কম বলে মনে করছেন এলাকাবাসী।

কুতুবাইল এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী রুহুল আমিন বলেন, এই রাস্তা দিয়ে রিকশায় গেলে কোমরের ব্যথা বাড়ে। সুবিধামতো হাঁটারও ব্যবস্থা নেই। পুরো রাস্তায় গর্ত। যে এলাকায়  নির্বাচনই হয় না, সেই এলাকার উন্নয়ন কিভাবে হবে? নির্বাচিত প্রতিনিধি না থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হচ্ছি। স্থানীয় এক ইলেকট্রনিক্স দোকানের মালিক নুরুল ইসলাম বলেন, এই ভাঙা রাস্তায় রিকশা ভাড়া ১০ টাকার স্থলে ২০ টাকা নেয়। কখনো কখনো ৩০ টাকাও রাখে।

ভাঙা সড়কের কারণে বেশি সমস্যা হচ্ছে বিভিন্ন স্কুলের ছোট ছেলে-মেয়েদের। হাজীগঞ্জ-শিবু মার্কেট ইজিবাইক মালিক কল্যাণ পরিষদের সভাপতি নরুন্নবী স্বপন বলেন, এই রাস্তা ঠিক করার দাবিতে এ বছর আমরা দুইবার মানববন্ধন করেছি। এলজিইডি নারায়ণগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সরকার বলেন, সড়কটি সংস্কারে প্রায় ৯ কোটির টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই সড়কে ৪২টি পাইপের কাজ রয়েছে। পাইপগুলো বানানোর কাজ চলছে। এজন্যই সড়কটির কাজ শুরু করতে সময় লাগছে। শিগগিরই কাজ শুরু হয়ে যাবে।