বাগেরহাট প্রতিনিধি
ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলের সুন্দরবনের চরে আটকে পড়েছে পাথর বোঝাই একটি বাণিজ্যিক জাহাজ। গত মঙ্গলবার দিবাগত রাতের আকস্মিক ঝড়ে বন্দরের হাড়বাড়িয়ার ২ নম্বরে অবস্থানরত জাহাজটি চরে উঠে যায়। এরপর ঐ জাহাজটি উদ্ধারে রাতেই ঘটনাস্থলে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব উদ্ধারকারী নৌযান এমটি শিবসা পাঠায়। রাত থেকে দুর্ঘটনাকবলিত জাহাজটি উদ্ধারে তত্পরতা শুরু হয়। এমভি শাহরিয়ার জাহান নামক বাংলাদেশী এ জাহাজটি ভিয়েতনাম থেকে ২১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ৩১ মে মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ২ নম্বরে নোঙ্গর করে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন বলেন, ঝড়ের কবলে পড়ে চরে উঠে যাওয়া জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাহাজটি উদ্ধারে বন্দরের নিজস্ব উদ্ধারকারী নৌযান শিবসা কাজ করছে।