স্টাফ রিপোর্টার, রাজশাহী
করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে এবারই প্রথম চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে স্পেশাল পার্সেল ট্রেনে আম ঢাকায় যাবে। আগামীকাল ৫ জুন রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহী হয়ে আম নিয়ে দুটি পার্সেল ট্রেন ঢাকার পথে চলাচল করবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি আমের ভাড়া লাগবে এক টাকা ত্রিশ পয়সা এবং রাজশাহী থেকে ভাড়া এক টাকা সতের পয়সা।
রেলওয়ে সূত্রে জানা যায়, আমবাহী বিশেষ পার্সেল ট্রেন ‘ম্যাঙ্গো স্পেশাল ১ এবং ২’ ট্রেন দুটি সপ্তাহের প্রতিদিন চলাচল করবে। আম ছাড়াও বিশেষ পার্সেল ট্রেনে সব ধরনের শাকসবজি, ফলমূল, ডিমসহ উত্তরের বিভিন্ন কৃষিজাত দ্রব্যও পরিবহন করা হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ বলেন, ইতিপূর্বে কখনো ট্রেনে এভাবে আম ও সবজি পরিবহন করা হয়নি। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে আমচাষিদের সুবিধার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।