ব্রাজিলে এক দিনে নতুন করে প্রায় ২৯ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। একই দিন মঙ্গলবার দেশটিতে রেকর্ড ১ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে। সেখানে মোট মৃত্যুর সংখ্যা ৩১ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার নতুন করে ২৮ হাজার ৯৩৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে মোট সাড়ে ৫ লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। একই দিন মঙ্গলবার ব্রাজিলে করোনায় এক দিনে সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। সেদিন পর্যন্ত করোনায় দেশটিতে ৩১ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ব্যাপক আকারে পরীক্ষার অভাবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি হতে পারে। তাদের এই আশঙ্কা সত্যি হলে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অন্তত তিন গুণ বেশি হবে। ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোর মেয়র ব্রুনো কোভাস সতর্ক করে দিয়ে বলেছেন, শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মেনে চলা না হলে বিপর্যস্ত হয়ে পড়তে পারে শহরের স্বাস্থ্যব্যবস্থা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতাদর্শিক মিত্র ব্রাজিলের কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারো শুরু থেকেই করোনা ভাইরাস মহামারিকে খুব বেশি পাত্তা দিচ্ছেন না। তিনি এটাকে ‘ছোটোখাটো ফ্লু’ হিসেবে অভিহিত করে আসছেন। ভাইরাসটির বিস্তার রোধে দেশটির কোনো কোনো প্রাদেশিক সরকার লকডাউন ঘোষণা করলে এর কারণে বেকারত্ব বাড়ছে বলে সেসব সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছেন বলসোনারো।