সিএনএন
যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইলাই লিলি কোভিড-১৯ চিকিত্সার জন্য একটি অ্যান্টিবডি থেরাপি নিয়ে রোগীদের ওপর পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। কোম্পানিটি জানিয়েছে, পরীক্ষার প্রথম পর্যায়ে দেখা হবে থেরাপিটি নিরাপদ এবং সহনীয় কি-না। জুনের শেষের দিকে ফলগুলো পাওয়া যেতে পারে। কোভিড-১৯ চিকিত্সায় এ পদ্ধতি সফল হলে আগামী সেপ্টেম্বরের মধ্যে বাজারে ড্রাগটি ছাড়া হতে পারে।
ইলাই লিলির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ড্যান স্কোভ্রনস্কি বলেন, ‘এখন পর্যন্ত বিজ্ঞানীরা নতুন কিছু রোগের জন্য তৈরি করা ওষুধ কোভিড-১৯ চিকিত্সায় কাজ করে কি-না দেখার চেষ্টা করছিল। কিন্তু এই মহামারি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা এই রোগের বিরুদ্ধে একটি নতুন ওষুধ তৈরির কাজ করতে শুরু করি। এখন আমরা প্রস্তুত এবং রোগীদের ওপর এটি পরীক্ষা করছি।’
যখন কেউ কোভিড-১৯-এর মতো কোনো রোগ থেকে সুস্থ হয়ে উঠেন, তার দেহ অ্যান্টিবডি নামে কয়েক মিলিয়ন প্রোটিন তৈরি করে, যা এই রোগের বিরুদ্ধে লড়াই করে এবং তাকে সুস্থ করতে সহায়তা করে। লিলির বিজ্ঞানীরা বের করেছেন, এর মাধ্যমে কিভাবে চিকিত্সা দেওয়া যায়। এই চিকিত্সা পদ্ধতিকে বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি।