করোনায় পেরুতে ২০ সাংবাদিক মারা গেছেন

এএফপি

পেরুতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে কমপক্ষে ২০ সাংবাদিকের মৃত্যু হয়েছে। অপ্রতুল সুরক্ষা ব্যবস্থা নিয়ে সংবাদ সংগ্রহের সময় তারা করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে দেশটির সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টের মুখপাত্র জুলিয়ানা লেইনেস বলেছেন, ‘১ জুন পর্যন্ত গোটা দেশে আমাদের ২০ জন সহকর্মী মারা গেছেন।’ তিনি বলেন, এদের বেশির ভাগই অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাস্তায়, মার্কেটে এবং হাসপাতাল থেকে রিপোর্টিং করার সময় সংক্রমিত হয়েছেন। ঘরে তৈরি মাস্ক পরে তারা সংক্রমণের কেন্দ্রস্থল হাসপাতালগুলোতে গিয়ে রিপোর্টিং করেছে।

পেরুর অন্যতম করোনা সংক্রমিত এলাকা আমাজান অববাহিকার লোরিটোতে সাত জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। আক্রান্ত সাংবাদিকদের বেশির ভাগই ফ্রিলান্সার। ব্রাজিলের পরে লাতিন আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ পেরুতে মঙ্গলবার অবধি করোনায় ৪ হাজার ৬০০ লোকের মৃত্যু এবং ১ লাখ ৭০ হাজার আক্রান্ত হয়েছেন।