আগামী সপ্তাহে ভারতে ভেন্টিলেটর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথম দফায় ১০০ ভেন্টিলেটর পাঠানো হবে। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এ ব্যাপারে সম্প্রতি কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী সপ্তাহে ভারতে প্রথম দফায় ১০০ ভেন্টিলেটর পাঠানোর ঘোষণা দিতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই উচ্ছ্বসিত। এর আগে প্রধানমন্ত্রী মোদি কয়েক দফা টুইট করে জানিয়েছেন যে, তার ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উষ্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এমন এক সময় যুক্তরাষ্ট্র ভারতে ভেন্টিলেটর পাঠাচ্ছে যখন ভারতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভারতে এরই মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। খবর এনডিটিভির
করোনায় রোগীর ফুসফুস কাজ করতে না পারলে ভেন্টিলেটরের প্রয়োজন হয়। এটি চাপ দিয়ে ফুসফুসে বাতাস প্রবেশ করায় এবং দেহে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয়। এর মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াই করতে রোগী কিছুটা সময় পান।