গুজরাটে কেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ৪০

 

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের একটি রাসায়নিক কারখানায় বুধবার বিস্ফোরণে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুজরাটের প্রধান শিল্পাঞ্চল দাহেজের রাসায়নিক কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিস্ফোরণে প্রাণহানির তথ্য এখনো পাওয়া যায়নি।

রাজ্যের এক কর্মকর্তা দেশটির সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, রাসায়নিক ঐ প্ল্যান্টের আশপাশের গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। দাহেজের উন্মুক্ত একটি স্থানে অবস্থিত ঐ কেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে কারখানাটির ওপর কালো ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাওয়া যায়।