ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মিরপুরে ত্রাণ বিতরণের সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সমর্থকদের হামলায় ১২ জন আহত হয়েছেন। মিরপুর-১১ নম্বর সেকশনের সি ব্লকের ১০ নম্বর সড়কে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ১০ নম্বর সড়কে বিহারীদের একটি অফিস থেকে বের হওয়ার পরপরই বিহারী নেতা সাদাকাত খান ফাক্কুর ওপর অস্ত্রশস্ত্র নিয়ে অর্ধ শতাধিক যুবক এই হামলা চালায়। এসময় ফাক্কুর সঙ্গে থাকা লোকজন এগিয়ে গেলে তারাও হামলার শিকার হন। এতে আহত হন মো. শাওকাত খান, মো. ইমরান খান, ইকবাল, রাজু ও সোহেলসহ ১২ জন।
সাদাকাত খান ফাক্কু অভিযোগ করেছেন, স্থানীয় কাউন্সিলর জহিরুল ইসলাম মানিকের লোকজন এই হামলা চালায়। যদিও কাউন্সিলর মানিক তা অস্বীকার করে বলেছেন, ফাক্কুর লোকজন এই হামলা চালিয়েছে।
সাদাকাত খান ফাক্কু জানান, গত সিটি নির্বাচনে তিনি কাউন্সিলর প্রার্থী ছিলেন। মানিক তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হলেও প্রকাশ্যে ফাক্কু আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে কাজ করেছেন। সম্প্রতি কাউন্সিলর মানিকের সহযোগিতা না পেলেও পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নুর সহযোগিতা পেয়েছেন ফাক্কুর অনুসারী বিহারীরা। স্থানীয় কাউন্সিলর মানিকের সহযোগিতা না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পূর্বের নির্বাচনের বিরোধ ও সাম্প্রতিক এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে কাউন্সিলর মানিকের নির্দেশে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ত্রাণ নিয়ে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।