ডিএনসিসির হোল্ডিং ট্যাক্সের জরিমানা মওকুফ

ইত্তেফাক রিপোর্ট

করোনা পরিস্থিতিতে গত দুই মাস হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে না পারায় ১৫ শতাংশ সারচার্জ জরিমানা দিতে হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। দ্বিতীয় মেয়াদের প্রথম সভায় গতকাল বুধবার একথা জানান তিনি। মিরপুর মাজার রোডে অবস্থিত ডিএনসিসির ১০ নম্বর ওয়ার্ডে কমিউনিটি সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় করোনা মোকাবিলায় ডিএনসিসির বিভিন্ন কার্যক্রম কাউন্সিলরদের কাছে তুলে ধরেন তিনি। ডিএনসিসির মেয়র বলেন, ‘৩১ মে পর্যন্ত ১০টি ওয়াটার বাউজারের সাহায্যে ৮৬ লাখ ১০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রায় ১২ কোটি ৯২ লাখ বর্গফুট এলাকায় ছিটানো হয়। সাতটি স্থানে করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া কোভিড-১৯ টেস্টিং ল্যাব (পিসিআর মেশিন) স্থাপনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে সাময়িকভাবে মহাখালীতে ডিএনসিসি মার্কেট করোনা হাসপাতাল ও আইসোলেশন সেন্টার নির্মাণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রসঙ্গে আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু এবং চিকুনগুনিয়া যেন গত বছরের মতো ভয়াবহ রূপ নিতে না পারে, সেই জন্য আমি আগে থেকেই সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। ১০ মে থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। গত মঙ্গলবার পর্যন্ত ৪ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এডিস মশা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।