কাওলায় ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা এলাকায় এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে আহত ব্যবসায়ী মানিক হোসেন গত সোমবার বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন। আহত ব্যবসায়ী মানিক হোসেন বলেন, কাওলা আমবাগান এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গত ৩১ মে রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় যাওয়ার পথে আকরাম ইসলাম সায়েম, ইমরান, শাহরিয়ার, এলজি স্বপনসহ কয়েকজন সন্ত্রাসী তার প্রাইভেটকারের গতিরোধ করে। প্রথমে তারা গাড়ি ভাঙচুর করে। এরপর তিনি গাড়ি থেকে নামলে তার ওপর লোহার রড ও স্টিলের পাইপ দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তার দুটি মোবাইল ফোনসেট, তার সঙ্গে থাকা ২ লাখ ৩৫ হাজার টাকা, হাতের ব্রেসলেট ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।