আড়াইহাজারে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আরো এক জনের মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পৌরবাজারে সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত ইব্রাহিমেরও মৃত্যু হয়েছে। এ নিয়ে উক্ত ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল চার। জানা গেছে, ২৪ মে আড়াইহাজার পৌর বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহাজালাল মিয়ার মালিকানাধীন একটি মার্কেটে সেপটিক ট্যাংক বিস্ফোরণে মুনসুর আলী (৪৫), আলম (৪৫), হরমুজ মিয়া (৫২) এবং ইব্রাহিম (২৫) দগ্ধ হয়। তাদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা গুরুতর বিধায় প্রত্যেককে ঢামেক হাসপাতালে রেফার করা হয়। সেখানে পর্যায়ক্রমে মুনসুর আলী, হরমুজ এবং আলমের মৃত্যু হয়। মঙ্গলবার বিকালে সর্বশেষ ইব্রাহিমেরও মৃত্যু হলো। নিহত ইব্রাহিমের বাড়ি উপজেলার বগাদী কান্দাপাড়া গ্রামে।