ভারত-চীন সীমান্তে উত্তেজনা নিয়ে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শুধু সীমান্ত উত্তেজনাই নয়, আমেরিকায় পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গের মৃত্যু ও জি-৭ নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। প্রেসিডেন্ট ট্রাম্প জি-৭ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের সরকার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
নয়াদিল্লির সরকার জানিয়েছে, জি-৭ গ্রুপে সদস্যসংখ্যা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যাতে ভারতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দেশকে এই সম্মেলনের অন্তর্ভুক্ত করা যায়। পূর্ব লাদাখে ভারত ও চীনের সেনার মধ্যে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কী আলোচনা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি বিবৃতিতে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে চাইলেও তা প্রত্যাখ্যান করা হয়। পরে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলাপ করেছেন। তার মন খুব খারাপ। এই তথ্য অস্বীকার করেছিল ভারত। এদিকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত অচলাবস্থা নিয়ে শনিবার সামরিক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বৈঠক হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। প্রায় এক মাস ধরে লাদাখে নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে আছে।